Views Bangladesh Logo

সেবা দিয়ে মানুষের মন জয় করুন: ডিএমপি কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কাঙ্ক্ষিত ও আইনানুগ সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে। তাদের জন্য ইতিবাচক কাজে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

রোববার (১৮ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি।

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সুস্থতা বাড়ানো এবং শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে বর্ণাঢ্য ও উৎসবমুখর এই কুচকাওয়াজে নেতৃত্ব দেন ডিএমপির উপ-কমিশনার (কল্যাণ ও বাহিনী) রওনক আলম।

কুচকাওয়াজের শুরুতেই ডিএমপির কমিশনারকে সশস্ত্র সালাম দেয়া হয়। পরে সুসজ্জিত ব্যান্ডদলের মাধ্যমে বিভিন্ন ইউনিট সদস্যদের কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন তিনি।

কুচকাওয়াজে অংশ নেয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শেখ মো. সাজ্জাত আলী বলেন, মাস্টার প্যারেডের মূল উদ্দেশ্য হলো, কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। শৃঙ্খলাবিরোধী বা আইন ও বিধির বাইরে কিছু করার সুযোগ নেই।

কমিশনার বলেন, ‘সপ্তাহে একবার আপনাদের কর্মক্ষেত্র পরিষ্কার করতে হবে। পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করতে এবং জনগণের কল্যাণে সেবা দিতে সবাইকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। একসাথে কাজের মাধ্যমে আমরা ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারি’।

তিনি বলেন, ‘জনগণের সেবায় পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে প্রতিটি কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে দৃঢ় মনোবলের সাথে। সর্বদা আপনাদের মনোবল উঁচু রাখুন’।

সবাইকে নিরপেক্ষ এবং জনসেবায় সম্পূর্ণ নিবেদিত থাকারও নির্দেশ দেন ডিএমপির কমিশনার।

মাস্টার প্যারেডে ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারোয়ার, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, অর্থ ও ক্রয়) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনার, উপ-কমিশনার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ