Views Bangladesh Logo

বিদায়ের সময় ভেতরের কথা প্রকাশ করে তিক্ততা বাড়াতে চাই না: ভূমি উপদেষ্টা

সরকারের ভেতরে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় ভূমি নিবন্ধন আইনকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে বিদায়ের সময় এ বিষয়ে ভেতরের কথা প্রকাশ করে তিক্ততা বাড়াতে চান না বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের শেষ কর্মদিবসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, আমি যখন বিদায় নিচ্ছি, তখন ভেতরের কথা নিয়ে তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয় থেকে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা পর্যন্ত আলোচনা হয়েছে, কিন্তু আমরা সফল হইনি।

কেন সফল হওয়া যায়নি—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার জন্য সংশ্লিষ্ট সবার সমর্থন প্রয়োজন ছিল। সরকারের ভেতরে যারা সংশ্লিষ্ট, তাদের সবার সমর্থন আমরা পাইনি।

দায় কার—এমন প্রশ্নে ভূমি উপদেষ্টা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমাদের মন-মানসিকতাই এখানে দায়ী। ব্যর্থতার দায়ভার আমি নিজেই নিচ্ছি, যেহেতু আমি পারিনি। সবাই একমত হতে না পারায় বিষয়টি বাস্তবায়ন করা যায়নি। আশা করি ভবিষ্যতে কোনো না কোনো সময় এটা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, গত ছয় বছরের মধ্যে বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আলী ইমাম মজুমদার বলেন, সাড়ে ১৩ লাখ টনকে নিরাপদ খাদ্য মজুত ধরা হয়, কিন্তু বর্তমানে আমাদের মজুত ২২ লাখ ১০ হাজার টন।

তিনি আরও বলেন, পর্যাপ্ত মজুত থাকায় খাদ্যবান্ধবসহ চলমান খাদ্য কর্মসূচিগুলো ব্যাহত হবে না। নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ