এবার চালু হবে বগুড়ায় বিমানবন্দর?
অবকাঠামো নির্মাণের প্রায় ২৭ বছর পর বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ বিমানবন্দর স্বল্প পরিসরে চালু করতে গেলেও বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। চালু হলে এটি হবে দেশের নবম বিমানবন্দর।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া বিমানবন্দরের অবকাঠামো পরিদর্শন শেষে বিমান বাহিনীর প্রধান বলেন, বিমানবন্দর চালু করতে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে। কিন্তু এখানে রয়েছে ৪ হাজার ৭০০ ফুট রানওয়ে।
তিনি বলেন, ‘বিমানবন্দরটি নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দেয়া হলেও কোনো গুরুত্ব দেয়া হয়নি। আমরা এবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দেব। বাজেট পেলে স্বল্প পরিসরে বগুড়া বিমানবন্দর চালু করতেও সময় লাগবে এক বছর।
১৯৮৭ সালে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের প্রথম উদ্যোগ নেয়া হয়। তবে নানা জটিলতায় তা আর বাস্তবায়িত হয়নি।
১৯৯১ সালে একনেক সভায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ১৯৯৫ সালে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে বগুড়ার এরুলিয়া এলাকায় ২৮ লাখ টাকা ব্যয়ে ১০৯ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের আওতায় বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। ২০০০ সালে ওই প্রকল্পের কাজ শেষ হয়। কিন্তু বিমানবন্দর আর চালু হয়নি।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর স্থানটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সেখানে বিমানবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।
২০২১ সালের ১ মার্চ তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে লিখিত প্রস্তাবনা পাঠান বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। আবেদনে সাড়া দিয়ে বিমানবন্দরটি চালুর বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ওই বছরের ১৫ নভেম্বর বিমানবন্দরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনও করেন কমিটির সদস্যরা।
ওই সময় সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেছিলেন, ২০২৩ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বগুড়ার বিমানবন্দর চালুর সম্ভাবনা রয়েছে। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে