ভোট সুষ্ঠু হলে সবাইকে রায় মানতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই রায় মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আমিও ছিলাম। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি নির্বাচন হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।
তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম—যারা জীবনে একটি ভোটও দিতে পারেনি—তারা এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, আপাতত তিনি নিজের কেন্দ্রেই ভোট দিয়েছেন। পরে অন্যান্য কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে