Views Bangladesh Logo

বন্যপ্রাণী সেবায় নিবেদিতপ্রাণ সীতেশ রঞ্জন দেব আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবন থেকে সীতেশ রঞ্জন দেবের মরদেহ শেষকৃত্যের জন্য একই উপজেলার নওয়াগাঁও গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে নেওয়া হবে। বিকেলে সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সীতেশ রঞ্জন দেবের বাবা শ্রীশ দেব ১৯৬২ সাল থেকে শখের বশে বন্যপ্রাণীর সেবা শুরু করেন। তিনি বিভিন্ন প্রাণী ধরে বাড়িতে এনে লালনপালন করতেন। বাবার কাছ থেকেই বন্যপ্রাণী উদ্ধারের কৌশল এবং প্রাণীদের প্রতি ভালোবাসা শেখেন সিতেশ দেব। বাবার পথ ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিজ বাড়িতেই তিনি একটি প্রাণী সেবাশ্রম গড়ে তোলেন, যা ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ২০১১ সালে এটি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ নামে নতুন রূপ পায়।

১৯৯১ সালে একটি বন্য ভালুককে উদ্ধার করতে গিয়ে মারাত্মক আক্রমণের শিকার হন তিনি। সেই সময় ভালুকের নখের আঘাতে তাঁর এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখ ও নাক গুরুতর জখম হয়।

ব্যক্তি-উদ্যোগে দেশে প্রথম বন্যপ্রাণী সেবাদানকারী এই অনন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলে দেশজুড়ে পরিচিতি লাভ করেন সিতেশ রঞ্জন দেব। এখানে তিনি বন বিভাগ ও বিভিন্ন মাধ্যম থেকে আসা আহত প্রাণীদের সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করতেন।

প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে তাঁর এই উদ্যোগটি ‘সীতেশ বাবুর চিড়িয়াখানা’ নামে পরিচিতি লাভ করে। তাঁর এই প্রয়াণে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশবাদী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ