Views Bangladesh Logo

রাজশাহীতে রেলস্টেশনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর চারঘাট উপজেলায় সরদহ রেলস্টেশনে এক স্বামীকে মারধর করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চারঘাট থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দম্পতি জীবিকার প্রয়োজনে ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করেন। ঘটনার দিন তারা ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে রাত আনুমানিক ১টার দিকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার গ্রহণের সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত একটি স্থানে বেঁধে রাখে এবং তার কাছ থেকে পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেয়। পরে স্ত্রীকে স্টেশনের পাশের একটি ঝোপঝাড় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী স্বামী জানান, ঘটনার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করেন এবং পরে তার স্ত্রীকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সরদহ রেলস্টেশন মাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে বিষয়টি তারা জানতে পারেন। পরে পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ