Views Bangladesh Logo

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরানোর যে যুক্তি দিলেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল। এটা নির্মাণকাজের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় সেখান থেকে মই দিয়ে কিছু চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, বাধা তৈরির জন্য, নির্মাণকাজের সহায়ক হিসেবে।’ তিনি জানান, এখন ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

এখনই সরছে না বাসস্ট্যান্ড
রাজধানীর বাসস্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়া হবে, তবে তা রাতারাতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।

তিনি বলেন, ‘একটা বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। আমরা মনে করছি ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট ও অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওটার পরিবর্তন চাচ্ছি।’

মহাখালী বাসস্ট্যান্ড আপাতত থাকছে জানিয়ে তিনি বলেন, ‘এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তরায়। ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাখালী বাসস্ট্যান্ডের যে জট তৈরি হচ্ছে, সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না। তাই যেসব বাস ছাড়বে সেগুলো মহাখালী বাসস্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যেসব বাস ১২ ঘণ্টা পর ট্রিপে যাবে সেগুলো মহাখালীতে অপেক্ষা করতে পারবে না। ৩০০ ফিটে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সাময়িকভাবে সেটা ডিপো হিসেবে ব্যবহার করবে।’

সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হওয়ার পরেই সরানো হবে। তিনি বলেন, ‘এখন ডিপো হিসেবে ব্যবহৃত হবে। শুধু স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়বে, তার আগে একটা নির্দিষ্ট সময় স্ট্যান্ডে থাকবে। বাকি সময় ডিপোতে গিয়ে থাকবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ