দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন, প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর
দেশে এত মেধাবী চিকিৎসক থাকার পরও চিকিৎসার জন্য রোগীদের ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যেতে হয় কেন—এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও চিকিৎসকদের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের চিকিৎসকরাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা বাড়াতে হবে। এতে একদিকে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। এ জন্য জেলা ও গ্রাম পর্যায়েও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ উদ্যোগ আগামী বাজেটে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষ চিকিৎসক তৈরির জন্য প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার অংশ। কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারলে অনেক সময় সামাজিক কটূক্তি ও হয়রানির শিকার হন। চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হলে এ ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশের চিকিৎসকদের সক্ষমতা রয়েছে এবং এ চিকিৎসার জন্য রোগীদের দেশেই উৎসাহিত করা হবে।
দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, শুধু শয্যার সংখ্যা বাড়ালেই হবে না, স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মুসারাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন এবং পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। সেমিনারে মুখবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক ডা. উমা নাগ শম্পা।
মতামত দিন