পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সরকারের নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন এ মূল্য বৃদ্ধি কার্যকর করা হবে ফেব্রুয়ারি মাসের বিল থেকেই।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৩০ ও ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা।
এতে আরও বলা হয়, এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৬২ পয়সা আর আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ক্ষেত্রে ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকোর ক্ষেত্রে ৮ টাকা ৫৮ পয়সা এবং ওয়েস্টজোন ও নেসকোর ক্ষেত্রে যথাক্রমে ৭ টাকা ৪৬ পয়সা ও ৭ টাকা ৪ পয়সা। এ ছাড়াও পাইকারি বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে বাড়বে গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম।
এর আগে দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছিলেন, বিদ্যুতের দাম ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর অর্থ মার্চ মাস থেকেই গ্রাহকদের বাড়তি বিল দিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে