Views Bangladesh Logo

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে, আলোচনায় রোমেরোসহ ৫ তারকা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আর্জেন্টিনা দলে শুরু হয়েছে নতুন অধ্যায়ের প্রস্তুতি। দীর্ঘদিন মেসির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার কার হাতে উঠবে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানালেও সম্ভাব্য উত্তর হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।

২৮ বছর বয়সী এই সেন্টারব্যাককে মেসি-পরবর্তী আর্জেন্টিনার নেতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে। মাঠে তার নেতৃত্ব দেওয়ার প্রবণতা, সতীর্থদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দৃঢ় ব্যক্তিত্ব তাকে এগিয়ে রাখছে। ক্লাব ফুটবলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার। ফলে দীর্ঘমেয়াদে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও তার রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে রোমেরোকে অধিনায়ক করা হলেও বিকল্প হিসেবে আরও কয়েকজনের নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিকবার নায়ক হওয়া মার্তিনেজ দলের সতীর্থ ও সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাঠের বাইরে নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও রয়েছে তার। তবে গোলরক্ষক হওয়ায় ম্যাচের সময় সতীর্থদের কাছ থেকে দূরে থাকা এবং রেফারির সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা অধিনায়ক হিসেবে তার ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি করতে পারে।

রদ্রিগো দে পলও নেতৃত্বের দৌড়ে শক্তিশালী প্রার্থী। মেসির দীর্ঘদিনের সতীর্থ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। মাঠে সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সরব উপস্থিতিও তার অন্যতম বৈশিষ্ট্য। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে এবং একাদশে নিয়মিত জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে অধিনায়কত্বের ক্ষেত্রে তার সম্ভাবনা কিছুটা পিছিয়ে থাকতে পারে।

চমক হিসেবে সামনে আসতে পারেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফের্নান্দেজ। লাউতারো নিজের ক্লাব ইন্টারের অধিনায়কত্ব করছেন। হুলিয়ানও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে জাতীয় দলে দুজনেরই নিয়মিত একাদশে থাকা নিয়ে পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে এনজো ফের্নান্দেজের বয়স মাত্র ২৫ বছর এবং চেলসির হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। দীর্ঘমেয়াদে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাই তাকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।

সব দিক বিবেচনায় মেসির উত্তরসূরি হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোকেই আপাতত সবচেয়ে যৌক্তিক পছন্দ বলে মনে হচ্ছে। ২০২৬ বিশ্বকাপেও তার পারফরম্যান্স নজর কেড়েছে। জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই নিজের সেরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে কার্ড পাওয়ার প্রবণতা তার নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে। তাই রোমেরোকে মূল অধিনায়ক করা হলে তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলানোর জন্য বিকল্প একজনকে নির্ধারণ করাও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ