Views Bangladesh Logo

কে হচ্ছেন নতুন সরকারের রাষ্ট্রপতি

নতুন সরকার গঠনের প্রাক্কালে রাষ্ট্রপতি পদে কে আসছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একাধিক নাম ঘুরছে।

দলীয় সূত্র বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় আছে।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করতে পারেন বলে গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করছেন, তবে সরে যেতে আগ্রহী।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা। তবে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন এবার কুমিল্লা–১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১, ১৯৯৬ (দুই দফা) ও ২০০১ সালে সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে জ্বালানিমন্ত্রী এবং ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন।

দলীয় একটি সূত্র বলছে, তিনি নিজেকে তুলনামূলকভাবে আড়ালে রাখেন এবং বিতর্ক এড়িয়ে চলেন—রাষ্ট্রপতি পদের জন্য যা ইতিবাচক বিবেচিত হতে পারে। অতীতে বিএনপি সরকার গঠন করলে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে—এমন আলোচনা দলীয় সমাবেশেও উঠেছিল।

দলের ভেতরে আরেকটি মত হলো, নজরুল ইসলাম খানকে রাষ্ট্রপতি না করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখা যেতে পারে। তিনি সাম্প্রতিক নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে দলের পক্ষে বক্তব্য দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠনের পথে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, মন্ত্রিসভা ঘোষণার কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ