নির্বাচনের দিনে কে কোথায় ভোট দেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ (বৃহস্পতিবার)। এদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চললেও শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
রাজধানীর ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের প্রার্থী। তিনি মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি দেবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনের প্রার্থী। তিনি ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনের প্রার্থী হিসেবে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সমর্থনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন করছেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ফেনী-২ আসনের প্রার্থী। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী ফেনী সদর উপজেলার শর্শদি উত্তর খানেবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। একই দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এছাড়া নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সকাল ১০টায় তিনি সেখানে ভোট দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গুলশান-১-এর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে মহাখালী ডিওএইচএসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার সকাল ৮টায় উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে