Views Bangladesh Logo

কার অনুমতিতে হাদি হত্যা মামলার বাদী হলেন জাবের, প্রশ্ন বোনের

শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার বাদী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুমা হাদি। তিনি জানতে চেয়েছেন, পরিবারের কাউকে না জানিয়ে কার অনুমতিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলার বাদী হলেন।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে মাসুমা হাদি জানান, শুরুতে তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার বাদী হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর তিনি অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়েছেন।

পোস্টে তিনি দাবি করেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর তিনি দ্রুত হাসপাতালে পৌঁছান এবং পুরো সময় পরিবারের সদস্যরা চিকিৎসা কার্যক্রমে যুক্ত ছিলেন। তার প্রশ্ন, পরিবারের সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নেওয়া হলো।

মাসুমা হাদি বলেন, ফৌজদারি মামলায় বাদীর স্বাক্ষর নিয়ে পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ ছিল। এমনকি পুলিশ চাইলে স্বপ্রণোদিত হয়েও ব্যবস্থা নিতে পারত। সে ক্ষেত্রে পরিবারের সঙ্গে আলোচনা না করেই জাবেরের বাদী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ওসমান হাদির জীবনে পরিবারের, বিশেষ করে তার নিজের ভূমিকা সম্পর্কে ঘনিষ্ঠজনরা অবগত। তাই পরিবারের সঙ্গে আলোচনা ছাড়া মামলার বাদী নির্ধারণ করায় তিনি বিস্মিত।

পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ভাই ওমর ফারুককে নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনারও জবাব দেন মাসুমা হাদি। তিনি দাবি করেন, পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং পরবর্তীতে সরকারও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করে।

একই সঙ্গে তিনি নিহতের পরিবারকে নিয়ে ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর প্রচারণা’ বন্ধের আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ