Views Bangladesh Logo

টেকনাফে সড়কের দুই পাশে সারি সারি কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে প্রশ্ন

কক্সবাজারের টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার সড়ক ও নাফ নদীর জেটিঘাটসংলগ্ন বিভিন্ন স্থানে সারি সারি এ ধরনের পতাকা দেখা যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসন।

স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও জেটিঘাট এলাকায় এসব পতাকা টাঙিয়ে দেন। পরে তারা নিজেরাই পতাকা টাঙানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কলেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তবে পরে টাঙানো অনেক পতাকা কে বা কারা সরিয়ে ফেলেছে বলেও অভিযোগ করেন তারা।

‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও এ উদ্যোগ নিয়েছি। ইসলামকে ভালোবাসার প্রকাশ হিসেবেই পতাকা উত্তোলন করা হয়েছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।

তবে কেন এই কর্মসূচি নেওয়া হয়েছে—এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। তিনি অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে আরও পতাকা উত্তোলন করা হবে।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগে পতাকাগুলো টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কালেমার প্রতি ভালোবাসা থেকেই এই কাজে যুক্ত হয়েছি। পরে প্রশাসনিক চাপের কথা জানতে পেরে আমি নিজেই কিছু পতাকা নামিয়ে ফেলি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অনেকে এ ধরনের পতাকা হঠাৎ বিভিন্ন স্থানে টাঙানোর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা দেখা গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন যুবক ধর্মীয় অনুভূতি থেকেই কালেমা লেখা সাদা পতাকা টাঙিয়েছেন। তবে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসব পতাকার উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো সংগঠিত কার্যক্রম জড়িত আছে কি না, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে আরবি লেখা সম্বলিত সাদা-কালো পতাকা টাঙানোর ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, যশোর, পাবনাসহ বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা দেখা গেছে। এসব পতাকার সঙ্গে আইএসআইএস, আল কায়েদা, তালিবান ইত্যাদি জঙ্গি সংগঠনের পতাকার মিল রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ