হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ জি কে গউছের
হবিগঞ্জে গ্রাম্য গানের কোনো আসর আয়োজনের অনুমতি না দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। তাঁর নির্বাচনী এলাকার মানুষ এ ধরনের আয়োজন পছন্দ করেন না উল্লেখ করে তিনি প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। জি কে গউছ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
সভায় গ্রাম্য গানের আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে জি কে গউছ বলেন, তাঁর নির্বাচনী এলাকার মানুষ এ ধরনের গানবাজনা পছন্দ করেন না। অন্তত যে এলাকার সাড়ে চার লাখ ভোটারের সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন, সেখানে যেন এ ধরনের আয়োজন না হয়, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে মারামারি, সংঘর্ষ কিংবা প্রাণহানির ঘটনা এড়াতেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সামনে শীত মৌসুমে ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় উত্তেজনা ও বিভেদ এড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনার পরামর্শ দেন।
এ ছাড়া বাণিজ্যমেলা ও শিল্পমেলার নামে অশ্লীলতা এবং জুয়ার আসর বসানোর বিরোধিতা করেন হুইপ। তাঁর ভাষ্য, হবিগঞ্জে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম ভালোভাবেই চলছে। তাই মেলার নামে নতুন করে মাঠে দোকানপাট বসানোর প্রয়োজন নেই। এসব আয়োজনের আড়ালে যাতে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
প্রশাসনকে উদ্দেশ করে জি কে গউছ আরও বলেন, এলাকায় আগে থেকেই বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে। নতুন করে কোনো সমস্যা তৈরি হোক, তা তিনি চান না। এ বিষয়ে জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমণ দত্তের স্মৃতিবিজড়িত এলাকায় গানের আসর আয়োজন নিয়ে আপত্তি ও সমালোচনার ঘটনা ঘটে। এর মধ্যেই হবিগঞ্জে গ্রাম্য গানের আসর নিয়ে হুইপের এই বক্তব্য সামনে এল।
মতামত দিন