আপনারা ৭১ সালে কোথায় ছিলেন: সংসদে বিরোধী দলকে জয়নুল আবদীন ফারুক
জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেছেন, তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নিজেদের কথা নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন?’
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, বিরোধী দলের সমালোচনার জবাব সরকার অবশ্যই দেবে। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয় এবং জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে।
তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আজ আমরা সরকারে আছি, একদিন আপনারা আসবেন, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু গণতান্ত্রিকভাবে সমালোচনা করতে হবে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলাম নিয়ে তর্ক তুলে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই—নিজেদের কথা নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন?
এরপর তিনি মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রসঙ্গ তুলে বলেন, স্বাধীনতার একদিন আগে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে? কারা বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করতে চেয়েছিল? সেই ইতিহাসের দিকে তাকান।
নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার আহ্বান শুনে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তখন কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না।
বাজেট আলোচনায় তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিরও দাবি জানান। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের অবশ্যই স্মরণ করতে হবে, তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবদানও কখনো ভোলা যাবে না।
অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতাটা অন্তত বাড়িয়ে দিন। এতে দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, তাদের প্রতি সম্মান আরও সুদৃঢ় হবে।
বক্তব্যের শেষ দিকে বিরোধী দলের প্রতি ইতিহাসভিত্তিক ইতিবাচক আলোচনা করার আহ্বান জানান জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, সংসদকে অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত না করে সবাইকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।
মতামত দিন