খেলোয়াড়রা কে কোথায় ভোট দেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে রাজধানী ঢাকা নীরব। মানুষ ট্রেন-বাসে করে গ্রামের বাড়িতে ছুটছে ভোট দিতে। এই নির্বাচনের আনন্দে দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন তার গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে ভোট দেবেন। তিনি জানান, খেলার ব্যস্ততার কারণে আগে ভোট দিতে পারেননি। এবার প্রথমবার ভোট দেবার উত্তেজনা অনুভব করছেন। মোরসালিন যোগ করেন, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, যিনি দেশের জন্য কাজ করবেন এবং তরুণ প্রজন্মের কথা ভাববেন।
নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শেরপুর সদরে ভোট দেবেন। তিনি বলেন, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, যাতে নির্বাচনের পর সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হয়।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাতক্ষীরায় ভোট দেবেন। সাবিনা বলেন, ‘এবারই প্রথম ভোট দেবো। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, যাতে এলাকার উন্নয়ন হয় এবং খেলাধুলা এগিয়ে যায়।
বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী আমিরুল ইসলাম ফরিদপুরে নিজের বাড়িতে ভোট দেবেন। ২০ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, এই প্রথমবার ভোট দেবো। নিজের এলাকা ও দেশের জন্য যিনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, তাকেই ভোট দেবো।
উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের মিত্র জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দল নির্বাচনের বাইরে রয়েছে। এছাড়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও এবার নির্বাচনে নেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে