‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, কাকে বললেন বাপ্পারাজ?
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নিজের অতীত জীবন, অভিনয় থেকে দূরে সরে যাওয়া এবং ধর্মীয় অনুশীলনের বিষয়ে পপির বক্তব্য প্রকাশ্যে আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবার সেই প্রসঙ্গেই মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ।
সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা ছিল, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
পপির এই বক্তব্যকে কেন্দ্র করে জয় অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’
জয় আরও লেখেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’
তার এই পোস্টের মন্তব্যের ঘরে নিজের মতামত জানান অভিনেতা বাপ্পারাজ। তার মন্তব্যটি পপির বক্তব্যকে ঘিরেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে। বাপ্পারাজ লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
বাপ্পারাজের এই মন্তব্যের পর পপিকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে তিনি সরাসরি পপির নাম উল্লেখ করে মন্তব্যটি করেছেন কি না, তা তার বক্তব্যে স্পষ্ট নয়।
এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। সেখানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
নিজের অতীত নিয়েও আক্ষেপের কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’
১৯৯৭ সালে চলচ্চিত্রে পা রাখেন পপি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন তিনি। তবে ক্যারিয়ারের সফল সময় পেরিয়ে বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র ও গণমাধ্যমের আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।
মতামত দিন