নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: জুবাইদা রহমান
নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে নারীরা নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি।
নারী দিবসের এই দিনে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও সাহসে অবিচল।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার; ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন; ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর; ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম; এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে