হোয়াটসঅ্যাপের বড় আপডেট, অ্যাপ ছাড়াই ব্রাউজার থেকে অডিও-ভিডিও কল
ডেস্কটপ অ্যাপ ইনস্টল না করে যারা সরাসরি ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে আলাদা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই সরাসরি ব্রাউজার থেকেই অডিও ও ভিডিও—দুই ধরনের কলই করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে।
মঙ্গলবার (২৮ জুলাই) এই সুবিধা উন্মুক্ত করে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি জানিয়েছে, বিভিন্ন ডিভাইসের মধ্যে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নতুন হালনাগাদের অংশ হিসেবেই এই ওয়েব কলিং সুবিধা যুক্ত করা হয়েছে। ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, এই সুবিধা ওয়ান-অন-ওয়ান ও গ্রুপ—দুই ধরনের কলের ক্ষেত্রেই কাজ করবে। যাদের কম্পিউটারে অ্যাপ ডাউনলোডের সুযোগ নেই, অন্যের কম্পিউটার ব্যবহার করতে হয় বা যারা ব্রাউজার ব্যবহারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের কথা মাথায় রেখেই এই ফিচার আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ওয়েব কলিং ফিচারে স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন, সম্পূর্ণ কল হিস্ট্রি এবং প্রিয় নম্বরগুলোর জন্য আলাদা ‘কলস’ ট্যাব যুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্রাউজারের মাধ্যমে করা এসব কলও থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো সময়সীমা ছাড়াই।
ওয়েব কলিংয়ের পাশাপাশি চালু হয়েছে ‘কল ট্রান্সফার’ নামের নতুন সুবিধাও। এর মাধ্যমে চলমান একটি গ্রুপ কল মোবাইল থেকে সরাসরি ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসে স্থানান্তর করা যাবে, কল কেটে নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ পথে থাকা অবস্থায় ফোনে কল শুরু করে বাসায় ফিরে বড় স্ক্রিনে সেই একই কল চালিয়ে যাওয়া যাবে, আবার উল্টোভাবেও।
গ্রুপ কল আরও নিরাপদ করতে যুক্ত হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। কল লিংক তৈরির সময় ‘রিকোয়্যার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশন চালু রাখলে অংশগ্রহণকারীরা প্রথমে একটি ভার্চ্যুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন, আয়োজক অনুমতি দেওয়ার পরই তারা কলে যুক্ত হতে পারবেন। এ ছাড়া কল শুরুর একদম প্রথম মুহূর্ত থেকেই উচ্চমানের ভিডিও নিশ্চিত করতে যুক্ত হয়েছে ‘কুইকএইচডি’ প্রযুক্তি, আর কোলাহলপূর্ণ পরিবেশেও কণ্ঠস্বর স্পষ্ট রাখতে যোগ হয়েছে নয়েজ সাপ্রেশন সুবিধা, যা চাইলে কল চলাকালীন যেকোনো সময় চালু-বন্ধ করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই পাঁচটি সুবিধা ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
মতামত দিন