Views Bangladesh Logo

এবার হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ, গ্যাস, পানিসহ বিভিন্ন বিল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধের জন্য আর আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ থেকেই এসব বিলের পাশাপাশি ক্রেডিট কার্ডের বিল, বিমার অর্থ ও ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে। প্রাথমিকভাবে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হওয়া এই সুবিধায় এক প্ল্যাটফর্মেই দৈনন্দিন বিভিন্ন বিল মেটানোর সুযোগ তৈরি হয়েছে।

হোয়াটসঅ্যাপের নতুন ‘বিল পেমেন্টস’ সেবা ইতোমধ্যে ভারতে চালু হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস ব্যবহারকারীদের কাছে নতুন এই ফিচার পৌঁছে যাবে।

নতুন সেবাটি ভারত বিল পেমেন্ট ব্যবস্থা বা ভারত কানেক্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। এই ব্যবস্থার আওতায় প্রায় ২২ হাজার ৭২২টি বিল প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৩০টি বিলের বিভাগ রয়েছে। ফলে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে বারবার আলাদা প্ল্যাটফর্মে যাওয়ার ঝামেলা কমবে।

হোয়াটসঅ্যাপের বিল পেমেন্টস সুবিধায় বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিলের পাশাপাশি ফাস্ট্যাগ, বিমা, ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। ভারত বিল পেমেন্ট ব্যবস্থার আওতাভুক্ত অন্যান্য সেবার বিলও পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া যাবে।

বিল পরিশোধ করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে মূল পর্দার ওপরের দিকে থাকা রুপির চিহ্নে চাপ দিতে হবে। এরপর প্রয়োজনীয় বিলের ধরন নির্বাচন করতে হবে। সেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিলের অপশন দেখা যাবে।

এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট বিল প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করে গ্রাহক নম্বর বা প্রয়োজনীয় হিসাবের তথ্য দিতে হবে। তথ্য যাচাই শেষে হোয়াটসঅ্যাপে বিলের পরিমাণ ও অন্যান্য বিবরণ দেখানো হবে। এরপর নির্ধারিত পেমেন্ট পদ্ধতি বেছে নিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে।

ইউপিআইয়ের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও বিল পরিশোধের সুযোগ থাকবে। লেনদেন সফল হলে সংশ্লিষ্ট বিলের অর্থ পরিশোধ হয়ে যাবে।

শুধু বর্তমান বিল নয়, আগের লেনদেনের হিসাবও দেখা যাবে বিল পেমেন্টস বিভাগে। পাশাপাশি সামনে আসতে থাকা বিলের তথ্যও পাওয়া যাবে। আগে যেসব বিল প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়েছে, সেগুলো দ্রুত ব্যবহারের সুবিধার জন্য আলাদাভাবে দেখানোর ব্যবস্থাও রয়েছে।

মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ শ্রীনিবাস বলেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন নাগরিকসেবার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবেও কোটি কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিল পরিশোধের প্রক্রিয়াটিকেও বার্তা পাঠানোর মতো সহজ করতেই নতুন এই সুবিধা চালু করা হয়েছে।

নতুন এই সেবার ফলে ভারতে হোয়াটসঅ্যাপের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হলো। মোবাইল রিচার্জ, ইউপিআই লেনদেন ও মেট্রো-সংক্রান্ত সেবার পর এবার বিদ্যুৎ, গ্যাস, পানি, বিমা ও অন্যান্য বিল পরিশোধের সুবিধাও যুক্ত হলো প্ল্যাটফর্মটিতে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ