হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করছে স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপ, দাবি মেটার
ইসরায়েলি সাইবার-গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে দীর্ঘদিনের আইনি লড়াই আরও তীব্র করেছে মেটা। স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করা অব্যাহত রেখেছে — এই অভিযোগ এনে ফেডারেল আদালতে আদালত অবমাননার আবেদন করেছে মেটা।
এনএসও গ্রুপের বিরুদ্ধে কোটি কোটি ডলারের রায় চূড়ান্ত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে এই আবেদন করা হলো। ওই রায়ে হোয়াটসঅ্যাপ বা এর ব্যবহারকারীদের টার্গেট করার ওপর কঠোর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মেটার দাবি, সম্প্রতি কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতাদের সঙ্গে যুক্ত একটি নতুন স্পিয়ারফিশিং প্রচারণা শনাক্ত করে তা প্রতিহত করা হয়েছে।
মেটার এক মুখপাত্র জানান, এনএসও-সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর একটি গুচ্ছ ব্যবহারকারীদের ক্ষতিকর লিংকে ক্লিক করাতে প্রতারণার চেষ্টা করছিল বলে তাঁরা শনাক্ত করেছেন। সর্বশেষ এই প্রচারণায় মূলত জর্ডান ও লেবাননে অবস্থানরত ১০ জনেরও কম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে লক্ষ্য করা হয়েছে।
মুখপাত্র নিশ্চিত করেন, চিহ্নিত টার্গেটদের মধ্যে কেউ আক্রান্ত হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি তিনি জানান, নিরাপত্তা গবেষক ও ব্যবহারকারীরা যাতে বিভিন্ন প্ল্যাটফর্মে সম্ভাব্য টার্গেটিং যাচাই করতে পারেন, সে লক্ষ্যে ফিশিং প্রচেষ্টার সঙ্গে যুক্ত ডোমেইনগুলো প্রকাশ্যে জানিয়ে দিয়েছে মেটা।
এই আইনি বিরোধ শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের টার্গেট করতে হোয়াটসঅ্যাপের দুর্বলতা কাজে লাগানোর অভিযোগে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করে মেটা। গত বছর একটি জুরি প্রাথমিকভাবে ১৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিলেও পরে বিচারক তা কমিয়ে ৪০ লাখ ডলারে নামিয়ে আনেন এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
মেটার সর্বশেষ আইনি আবেদন বা আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য মন্তব্য করেনি এনএসও গ্রুপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে