Views Bangladesh Logo

আমার ছেলের কী অপরাধ ছিল, আমি এখন কীভাবে বাঁচব: অপ্রতিমের মা

‘কুমিল্লায় চাকরি করতে এসেছি—এটা কি আমার অপরাধ? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’—এভাবেই একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আহাজারি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অপ্রতিমের বাসায় ছুটে যান। সেখানে শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তারা।

ঘটনাস্থল পরিদর্শনের পর অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় অপ্রতিমের মা তাকে বলেন, ‘আমার একটি মাত্র ছেলে। তাকে কেন এভাবে হত্যা করা হলো?’

পরে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। একজন মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।’

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সানন্দা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভুঁইয়া।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমি এখান থেকে যাওয়ার পর এই হত্যাকাণ্ডের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব। প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করব।

অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটিও এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ