বজ্রপাতের সময় কী করবেন, জানালো আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বজ্রপাতের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলা জরুরি।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। তাদের প্রচলিত সতর্কবাক্য—‘বজ্রধ্বনি শুনলেই ঘরে যান’—এ সময় কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকাই সবচেয়ে নিরাপদ। এ ক্ষেত্রে দরজা-জানালা বন্ধ রাখতে হবে এবং জানালার গ্রিলসহ কোনো ধাতব বস্তু স্পর্শ না করতে বলা হয়েছে। শিশুদের বিশেষভাবে ঘরের ভেতরে রাখতে হবে এবং তাদের খেলাধুলা বা ঘুড়ি ওড়ানো থেকে বিরত রাখতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, বাইরে অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। গাছের নিচে, খোলা মাঠে কিংবা ধাতব ছাউনির নিচে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নদী, হাওর বা জলাশয়ে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ সময় বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু বা সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাটিতে শুয়ে পড়াও ঝুঁকিপূর্ণ, তাই এমন আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা উচিত।
সচেতনতা ও সতর্কতা বজায় রাখলেই বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে