Views Bangladesh Logo

‘বাড়ি দখলের’ ঘটনায় যা বললেন দিলারা জামান

দেড় যুগেরও বেশি সময় ধরে রাজধানীর উত্তরায় নিজের কেনা ফ্ল্যাটে বসবাস করছেন দেশের বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়ি দখল হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিস্মিত ও বিরক্ত হন এই অভিনেত্রী।

দিলারা জামান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের সঙ্গে তার বর্তমান জীবনের কোনো মিল নেই। বিভ্রান্তি দূর করতেই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

তবে দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা একেবারেই ঘটেনি, বিষয়টি এমন নয়। ঘটনাটি ঘটেছিল প্রায় ২২ থেকে ২৩ বছর আগে। ২০০৩-২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তার পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হলেও পরে তা আর এগোয়নি।

দিলারা জামান বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২-২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি।’

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে উত্তরার ওই ফ্ল্যাটেই বসবাস করছেন তিনি। ফলে দুই দশকেরও বেশি আগের শ্যামলীর বাড়ি দখলের ঘটনাকে তার বর্তমান আবাসনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ