Views Bangladesh Logo

পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাত্র ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ভয়াবহ ব্যাটিং ধসে ১২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তারুবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে ৯০ রানের দাপুটে জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরু থেকেই ক্যারিবীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। মাত্র ৭১ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক বাবর আজম একাই লড়াই চালিয়ে ১০৭ বলে অপরাজিত ৫৮ রান করেন। শেষ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। আব্বাস করেন ২৩ রান, আর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু মোহাম্মদ রিজওয়ান (১১)।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেইডেন সিলস। তিনি ১৪.২ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। কেমার রোচ ও জাস্টিন গ্রিভস দুটি করে এবং শামার জোসেফ একটি উইকেট শিকার করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩১১ রান করলে পাকিস্তান জবাবে করে ২৮২। ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৮১ রান তোলে। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আব্বাস ২২ রান দিয়ে ৫ উইকেট নেন।

এই হারে অনাকাঙ্ক্ষিত কয়েকটি রেকর্ডও গড়েছে পাকিস্তান। বিদেশের মাটিতে এটি তাদের টানা অষ্টম টেস্ট হার, যা পাকিস্তানের ইতিহাসে দীর্ঘতম অ্যাওয়ে হার। পাশাপাশি ২১১ রানের লক্ষ্য তাড়া করে হার পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন ব্যর্থ রানতাড়া। ম্যাচটির আরও একটি বিরল দিক হলো, দুই দলের সব ৪০টি উইকেটই নিয়েছেন পেসাররা—টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা মাত্র ষষ্ঠবার ঘটল। প্রথম ইনিংসে টানা পাঁচ মেডেন ওভারে পাঁচ উইকেট নিয়ে আলোড়ন তোলা জাস্টিন গ্রিভস ম্যাচসেরা হয়েছেন। এখন কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টে জিতলেই কেবল সিরিজ সমতায় ফেরার সুযোগ থাকবে পাকিস্তানের, আর ওয়েস্ট ইন্ডিজ জয় বা ড্র করলেই নিশ্চিত করবে সিরিজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ