Views Bangladesh Logo

বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি বছরের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ১০০০ একরের বেশি জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভেন্দু অধিকারী জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্ত শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার, আর সেই প্রতিশ্রুতি রক্ষার্থে বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭২ দশমিক ৬ কিলোমিটারজুড়ে বিস্তৃত মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে এই উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে—৪৫ দশমিক ৪ কিলোমিটারের জন্য ৩৩৭ একর, যা মোট হস্তান্তরিত জমির প্রায় ৩৩ শতাংশ। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি মুসলমান-সংখ্যাগরিষ্ঠ জেলা। এরপর দ্বিতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা, ৪২ দশমিক ৭ কিলোমিটারের জন্য ২৪১ দশমিক ০৩ একর জমি দিয়ে। এ ছাড়া কোচবিহারে ৩৯ দশমিক ৩৯ কিলোমিটারের জন্য ১৩৫ দশমিক ৩৩ একর, মালদায় ২০ দশমিক ১৫ কিলোমিটারের জন্য ১৭৬ দশমিক ৭৮ একর, নদীয়ায় ১৪ দশমিক ৭৯ কিলোমিটারের জন্য ৯৫ দশমিক ১১ একর, দক্ষিণ দিনাজপুরে ৭ দশমিক ৭৫ কিলোমিটারের জন্য ২৬ দশমিক ৪১ একর, দার্জিলিংয়ে ১ দশমিক ৪৫ কিলোমিটারের জন্য ৪ দশমিক ৩১ একর, উত্তর দিনাজপুরে ১ দশমিক ২৮ কিলোমিটারের জন্য ৬ দশমিক ৬১ একর এবং জলপাইগুড়িতে দশমিক ৩১ কিলোমিটারের জন্য ২ দশমিক ১৭ একর জমি হস্তান্তর করা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকদের জন্য একটি নিরাপদ ও সুনিশ্চিত পরিবেশ গড়তে এসব প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যে তার সরকার সিদ্ধান্তে অবিচল রয়েছে।

এই ভূমি হস্তান্তর একটি দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ের অবসান বলে মনে করা হচ্ছে। অতীতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার পশ্চিমবঙ্গের জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে দ্বিধাগ্রস্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টও চলতি বছরের জানুয়ারিতে হস্তক্ষেপ করে নয়টি সীমান্তবর্তী জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। এপ্রিলের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত অনুমোদন করে নতুন সরকার।

পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একাংশ অতীতে রাজ্যের জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ও আন্দোলনও করেছে, বিশেষত জনসংখ্যার ঘনত্বের বিচারে অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে থাকার প্রেক্ষাপটে। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ সীমান্তচুক্তির আওতায় ভারত যখন ১০ হাজার একরের বেশি জমি বাংলাদেশকে হস্তান্তর করে, তখনো এই প্রশ্ন তুলেছিল রাজ্যের নাগরিক সমাজ। তবে বিএসএফকে সাম্প্রতিক এই জমি হস্তান্তর নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন ওঠেনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ