ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী সোমবার (১৬ মার্চ) থেকে সারাদেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে।
রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন নিয়মিত চলবে এবং এ সময়ের মধ্যে কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না। তবে ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী ট্রেনের সাপ্তাহিক বন্ধ আবার কার্যকর হবে।
এদিকে, স্টেশনগুলোতে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় স্টেশন এলাকায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে