Views Bangladesh Logo

বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহকদের জন্য সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ (হাফ-ইয়ার ক্লোজিং) উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।

এ কারণে বুধবার কোনো ব্যাংক শাখায় গ্রাহকরা টাকা জমা বা উত্তোলন করতে পারবেন না। পাশাপাশি চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব অফিসে গ্রাহকসেবা নয়, শুধুমাত্র প্রশাসনিক, হিসাবরক্ষণ ও অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক হলিডের কারণে দেশের পুঁজিবাজারেও লেনদেন হবে না। ফলে বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো আর্থিক তথ্য একত্র করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই প্রতি বছর ১ জুলাই গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তবে পরদিন বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে যথারীতি স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন শুরু হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ