Views Bangladesh Logo

সংগীতশিল্পী জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গানের কলি ও উক্তি

ভারতের জনপ্রিয় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন ডালিমি লাহন গগৈ নামের এক নারী তাঁতি। শিল্পীর স্মৃতিকে অমর করে রাখতে তিনি ২৫ ফুট লম্বা একটি বিশেষ গামছা বুনেছেন, যাতে ফুটিয়ে তোলা হয়েছে জুবিনের জনপ্রিয় ৯টি গানের কলি এবং ৯টি স্মরণীয় উক্তি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৯ সেপ্টেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী জুবিন গার্গ। প্রিয় শিল্পীর মৃত্যুর এক মাস পর থেকেই এই বিশেষ গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। টানা ৫ মাসের পরিশ্রমে তৈরি এই শিল্পকর্মে স্থান পেয়েছে ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’ ও ‘দিয়া ঘুরাই দিয়া’-র মতো জনপ্রিয় বেশ কিছু গান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অনন্য শিল্পকর্মের ছবি ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

এদিকে, জুবিনের প্রয়াণের তিন মাস পর তার স্ত্রী গারিমা ও ছোট বোন পামী বড়ঠাকুর একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছেন। এ ট্রাস্টের সঙ্গে যুক্ত রয়েছেন গায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও। পাশাপাশি আসাম সরকার ও শিল্পীর পরিবারের পক্ষ থেকে জুবিনকে সম্মান জানাতে একাধিক স্মরণীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়াত এই শিল্পীর বর্ণাঢ্য জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। একজন সংগ্রামী গায়ক ও জুবিনের একনিষ্ঠ ভক্তের জীবনকাহিনি নিয়ে সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য ও সংগীত পরিচালনা করছেন শ্রী প্রীতম এবং এটি প্রযোজনা করছেন মো. ফারুক উদ্দিন।

শুধু চলচ্চিত্রই নয়, এই কিংবদন্তি শিল্পীর প্রতি সম্মান জানিয়ে একটি হস্তিশাবকের নামকরণ করা হয়েছে। এ ছাড়াও সম্প্রতি শিলংয়ে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ