Views Bangladesh Logo

৫ আগস্ট লুট হওয়া অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুরকে: পুলিশ

রাজধানীর স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়, সেটি গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)।

ডিসি সামি জানান, গত সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করছিল। এ সময় ৩-৪ জন অজ্ঞাত দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা পালিয়ে গেলে ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলভার, ৪ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিসান, পিয়াস ও সায়েমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আরও একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা মূলত মাদক সেবনের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। অভিযানে চারজনের কাছ থেকে মোট দুটি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানান, গত এক সপ্তাহে ওয়ারী এলাকায় বিভিন্ন অভিযোগে মোট ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ