দেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির
গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নাগরিক সংকট নিরসন এবং ৬ দফা দাবি আদায়ে ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।
সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের দাবি স্পষ্ট- জনগণ গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, পানি সংকটে ভুগছে। কিন্তু তারপরও জনগণকে বিল পরিশোধ করতে হচ্ছে। এ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ লংমার্চ আপামর জনতার। সরকার যদি লংমার্চে বাধা দেয়, তাহলে সব বাধা উপেক্ষা করে লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে এবং ১১ দলের ৬ দফা দাবি ১ দফায় রূপ নেবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, ‘সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। দিন দিন দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।’
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শাপলা চত্বরের সমাবেশটি শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চটি যাত্রা শুরু করে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লংমার্চের রুটে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছের ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
মতামত দিন