Views Bangladesh Logo

আমরা সবকিছু স্বচ্ছভাবে করব, প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করে এবং বিএনপি জনগণের পক্ষ থেকে স্বচ্ছ প্রস্তাবনা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবসময় বলি, আমরা সবকিছু স্বচ্ছভাবে করব, কোনো কিছু লুকানোর নেই। গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, কিন্তু আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন।”

তিনি বলেন, স্বৈরাচারের ভয়ে যখন অন্য কোনো রাজনৈতিক দল সংস্কার শব্দটি উচ্চারণ করার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। কারণ গত ১৬ বছরে দেশের স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে তাদের পরিকল্পনা ও স্বাক্ষরিত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে। তিনি জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণের শপথ নিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, এক দশকের বেশি সময় ধরে মতপ্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকারসহ সব রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সারা জাতি রাস্তায় নেমে স্বৈরাচারকে পালাতে বাধ্য করে। জনগণ এখন তাদের হারানো ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবার কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবারও চালু করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারেক রহমান আরও বলেন, তরুণদের স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ শুরু হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে সুখবর দেওয়া হবে।

এছাড়া তিনি ঘোষণা করেন, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণের দীর্ঘদিনের দাবি দ্রুত শুরু করা হবে এবং স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান উপযোগী করে উন্নয়ন করা হবে।

এর আগে সকালে তিনি ঢাকার থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছান। তিনি জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করেন। পরে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করে গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক বাড়ি পরিদর্শন করেন এবং শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ