Views Bangladesh Logo

আমরা ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চাই: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চায়। দুই দেশের সম্পর্কের অগ্রযাত্রা ব্যাহত হোক, তা বাংলাদেশ সরকার চায় না।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান, যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি, কোথায় কী বলছেন— তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।

তিনি বলেন, ভারত সরকারও সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোনো পলাতক আসামির রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না। তবে সংশ্লিষ্ট অনলাইন অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান কী, সেটি তাদেরই পরিষ্কার করা উচিত।

শামা ওবায়েদ বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চাই। সম্প্রতি ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, তা আমরাও চাই না এবং আমার বিশ্বাস, ভারতও তা চায় না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ একাধিকবার ভারতকে মৌখিক ও লিখিতভাবে নিজেদের অবস্থান জানিয়েছে। প্রয়োজন হলে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে।

দুই দেশের সম্পর্কের ওপর এ ধরনের আয়োজনের প্রভাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আমরা চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নতির দিকে এগিয়ে যাক।

ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বাংলাদেশে চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ভারত, চীনসহ সব দেশের সঙ্গে আমাদের যোগাযোগ, বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ