Views Bangladesh Logo

রংধনুর মতো জাতি গড়ে তুলতে চাই: পার্বত্য প্রতিমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে রংধনুর মতো সুন্দর একটি জাতি গড়ে তুলতে চাই।

রোববার রাঙামাটি শহরের মাইনি মিলনায়তনে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রংধনুর প্রতিটি রং আলাদা হলেও সাতটি রং একসঙ্গে মিলে অপূর্ব সুন্দর রংধনু তৈরি করে। তেমনি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষও নিজস্ব বৈশিষ্ট্য ধরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করবে—এটাই তার প্রত্যাশা। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর জাতি গঠনের আশাবাদও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই একটি জাতি পরিপূর্ণ ও সমৃদ্ধ হয়। প্রশিক্ষণের মাধ্যমে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি হয়, তেমনি নতুন উদ্যোক্তাও তৈরি করা সম্ভব।

এ জন্য নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার ২০০ প্রশিক্ষণার্থীর হাতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অডিও-ভিডিও সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, পুলিশ সুপার মো. আব্দুর রকিব, বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবালসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙামাটি শহরের শিশুপার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন। পরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মহাপ্রুম খালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ওই খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ