Views Bangladesh Logo

আমরা চাই বন্ধ শিল্পকারখানা আবার উৎপাদনে ফিরে আসুক: বাণিজ্যমন্ত্রী

বন্ধ শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতি সচল থাকে এবং সরকারের রাজস্ব আয় বাড়ে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘প্রতিটি শিল্পকারখানা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং সংশ্লিষ্ট এলাকার মানুষের আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত।’

শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে, স্থানীয় অর্থনীতি সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। তাই আমরা চাই এসব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরে আসুক।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র পঞ্চগড় সুগার মিল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে।’

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্পসচিব মো. ওবায়েদুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, মিলের কর্মকর্তা, আখচাষি প্রতিনিধি ও শ্রমিক নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ