বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।
তিনি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং সন্ধ্যার দিকে গণনা শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি দেশটির প্রথম জাতীয় নির্বাচন। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশ পরিচালনা করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, বিএনপি প্রধান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সুষ্ঠু ফল নিশ্চিত করতে তার দল ‘যা প্রয়োজন, তাই করবে’।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক ফলাফল রাতের মধ্যেই আসতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও রাজনৈতিক নেতারা কিছু হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখন পর্যন্ত কেবল কয়েকটি ছোটখাটো বিঘ্নের কথা জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে