Views Bangladesh Logo

আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বলেছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করতে হবে। আমরা কখনোই বলিনি, নির্বাচনের পরে সংস্কার। এটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা সব সময়ই বলে আসছি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে।’

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দেশের সব রাজনৈতিক দলের— আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সবারই জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর যারা সংস্কারের কথা বলছেন, তারা শিক্ষিত, জ্ঞানী, উচ্চ ডিগ্রিধারী মানুষ। আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি। তবে তারা যদি জনগণকে পাশ কাটিয়ে কিছু করেন, সেটি সমর্থন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার সেরা পদ্ধতি। রাজনৈতিক দলগুলো যদি ভয় পেয়ে স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো। যদি স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে জনগণই তাদের সরিয়ে দেবে। তাই এর জন্য জনগণকে দোষ দেয়া যাবে না। গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা।’

এ সময় জেলা বিএনপিসহ দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ