Views Bangladesh Logo

বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি: কাভান সুলিভান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে অনন্য রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে বাংলাদেশের পারিবারিক সম্পর্কও নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে কাভান জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। অনলাইন ও গ্যালারিতে বাংলাদেশি ভক্তদের সমর্থন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসাটা কেবল ইদানীং পাচ্ছি তা নয়, বেশ কিছুদিন ধরেই এটা পেয়ে আসছি। আগেও যেমনটি বলেছি—পরিবার হিসেবে আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। ওখানকার মানুষদের ভালোবাসা আমরা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’

কাভান সুলিভানের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকল্যান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে রোনানের পেনাল্টি গোল এবং দুই ভাইয়ের পারফরম্যান্সে বাংলাদেশ শিরোপা জেতে।

ভাইদের সেই সাফল্য এবং আবার বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়ে কাভান বলেন, ‘আমার ভাইয়েরা যখন ওখানে যায়, ব্যাপারটা খুব দারুণ লাগে। আশা করি তারা আবারও সেখানে ফিরে যেতে পারবে, কয়েকটি ম্যাচ খেলবে এবং আরও একটি টুর্নামেন্ট জিতবে।’

দুই ভাইয়ের সাফল্যে গর্বিত কাভান বলেন, ‘ওরা যা কিছু করছে, তা নিয়ে আমরা সত্যিই খুব গর্বিত।’

পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ জুনিয়র ফুটবল দলের খবরও রাখেন কাভান। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি যে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল এখন একটি টুর্নামেন্ট খেলছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল।’

তবে চলমান বয়সভিত্তিক আসরে কাভানের দুই ভাই খেলতে পারেননি। জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না পাওয়ায় তারা এবার দলে থাকতে পারেননি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ