Views Bangladesh Logo

প্রতারণার শিকার হয়েছি, আন্দোলন চলবে: প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিদল

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি জমা দেয়ার কথা থাকলেও তাদের অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেড পাওয়ার দাবিতে আন্দোলনরত এসব শিক্ষকরা জানিয়েছেন, সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেয়া সম্ভব হয়নি। পাশাপাশি তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা প্রতারণার শিকার হয়েছি। আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন না, তাই স্মারকলিপি জমা দেয়া যায়নি। এমন ঘটনার জন্য আমরা বিস্মিত। আপাতত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত সহকর্মীদের সঙ্গে আলোচনা করে নেয়া হবে।’

এর আগে, বিকেল ৫টার পর শাহবাগ থানা থেকে পুলিশের একটি ভ্যানে করে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেয়ার উদ্দেশ্যে যমুনায় পাঠানো হয়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মণিবুল হক বসুনিয়া, মো. মঈনুজ্জামান হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খাইরুন নাহার লিপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ