Views Bangladesh Logo

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন যে, এই পরিস্থিতির জন্য তাদের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী এই অনাকাঙ্ক্ষিত সংকটের কথা স্বীকার করেন। এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশব্যাপী জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে।


মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জাতীয় জরুরি টিকাদান কার্যক্রম দ্রুত শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এই ‘ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন’ কার্যক্রম বাস্তবায়িত হবে। মাঠপর্যায়ে টিকা প্রয়োগ কাজ আগামী রোববার থেকে শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ থেকে টিকা সংগ্রহের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।

শিশুদের দ্রুত টিকাদানের জন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, সরকারের এই তড়িৎ পদক্ষেপের মাধ্যমে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ