আমরা কোনো মব জাস্টিস সমর্থন করি না: জামায়াত আমির
জামায়াতে ইসলামী কোনো মব জাস্টিস সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
তিনি বলেন, বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকের মতামত ও আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি, আপনারা ধৈর্য ধরুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে এগোতে দেন। সেটার মধ্যেই কল্যাণ। মব জাস্টিস শুধু এখানে কিংবা এখন নয়, যুগ যুগ ধরেই এটি চলে আসছে। কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না।
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার শ্রীপুরে নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার গ্রামে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আছিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানাতে সকালে হেলিকপ্টারে মাগুরার শ্রীপুরে আসেন জামায়াতে ইসলামীর আমির। সকাল ১০টার দিকে প্রথমে তিনি শিশুটির কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় একটি বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি বলেন, ‘আমরা বলেছি, ৯০ দিনের মধ্যে বিচার ও রায় কার্যকর দেখতে চাই। অনেকে বলেছে, এক সপ্তাহ, কিন্তু এ দেশের আইনে এক সপ্তাহে বিচার সম্ভব নয়। এ জন্য বলেছি, ৯০ দিন।’
জামায়াতের আমির বলেন, আমরা হত্যাকারীদের দ্রুত শাস্তি কার্যকর দেখতে চাই। তাহলে এই পরিবার হয়তো মানসিক সান্ত্বনা পাবে। দেশবাসীও একটা সান্ত্বনা পাবে। পাশাপাশি বিচার কার্যকর হলে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক হবে।
জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকেরের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।
দোয়া মাহফিল শেষে শিশুটির বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির নেতারা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, শিশুটির পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানানোর পাশাপাশি কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেটি বুঝতেই তাদের বাড়িতে আসেন দলটির আমির।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে