আমরা ফটোকার্ডের রাজনীতি করি না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার ফটোকার্ডের রাজনীতি করে না। বরং বাস্তবভিত্তিক উন্নয়ন এবং জনগণের রায়ের মাধ্যমে জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাস করি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত অ্যাডভাইজরি কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের পরিকল্পনাগুলোতে কাঠামোগত গলদ থাকায় বাস্তবায়নের হার ছিল অত্যন্ত খারাপ। অনেক প্রকল্পে যথাসময়ে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হতো না এবং মেয়াদ ও ব্যয় বারবার বাড়ানো হতো। এমনকি কোনো কোনো প্রকল্পে চতুর্থ সংশোধন পর্যন্ত করতে হয়েছে। তিনি ‘বালিশ কাণ্ডের’ মতো ঘটনাও উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, অতীতে যেসব পরিকল্পনা নেওয়া হতো সেগুলো পরদিনই কার্যত অকার্যকর হয়ে পড়ত। কিন্তু এবার যে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তা হবে দেশের ইতিহাসে একটি মাইলফলক। ইতোমধ্যে তৈরি হওয়া খসড়া আইনের শাসন, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করবে বলে তিনি জানান।
তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে।
পরিকল্পনা কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আগে কমিশনের কাজ ছিল ৫০ কোটি টাকার কম প্রকল্প দ্রুত অনুমোদন দেওয়া এবং মন্ত্রণালয়গুলোর তৈরি প্রকল্পে রাবার স্ট্যাম্পের মতো অনুমোদন দেওয়া। কিন্তু এখন আর এভাবে চলবে না। পরিকল্পনা কমিশনকে আরও শক্তিশালী করা হবে।
তিনি অভিযোগ করেন, আগের সরকার নির্বাচিত না হওয়ায় তারা ইচ্ছেমতো প্রকল্পে অর্থ ব্যয় করে জনগণকে ঋণের বোঝার মধ্যে ফেলে দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে