Views Bangladesh Logo

‘সরকার আমাদের, আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছে করে বদলি করে দিয়েছি’

কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক ইকবাল হোসেনকে বিএনপির লোকজন ইচ্ছে করে বদলি করিয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি বলেছেন, ‘আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট (সরকার) আমাদের। উনি (জেলা প্রশাসক) এরকম কাজ করবেন বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক জেলা প্রশাসক ইকবাল হোসেনের কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি।’

'আমি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। কিন্তু সেটা হতে দেয়নি। জানি না আমার অপরাধ কী? একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি—এটাই আমার অপরাধ,’ বলেন মেহেদী আহমেদ রুমী।

ওই নির্বাচনের ভোট পুনর্গণনার জন্য তিনি হাইকোর্টে মামলা করেছেন বলে জানান। বলেন, ‘হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছেন। ২৪ জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পুনর্গণনা হবে। আমি বিজয়ী হব।’

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট রাজনৈতিক ভুল ছিল বলে দাবি করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘আমি বলব জামায়াতের সঙ্গে আমাদের জোট অবশ্যই ভুল ছিল। তারা গুপ্ত দল। ৬০ বছর ধরে রাজনীতি করি, ৭৩ বছর বয়স আমার। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। অনেকেই আছেন মুক্তিযোদ্ধা নামে, কিন্তু কোনো ভূমিকা পালন করেননি। এ রকম বহু লোকরে চিনি আমরা। আমাদের জন্ম এই কুষ্টিয়া শহরে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, এখানে আছেন এমন অনেকেরই জন্ম হয়নি।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ