জাতীয় সনদ তৈরি করে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাওয়া সম্ভব: আলী রিয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব বিষয়ে সবার ঐকমত্য আছে, সেগুলোর ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা যেতে পারে। সেই জাতীয় সনদের মাধ্যমে আমরা জাতির প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যেতে পারি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সংলাপের প্রথম পর্যায়ের মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ধাপে ধাপে আমরা আলোচনা করতে পারি। কীভাবে আমরা একটি অভিন্ন মতের জায়গায় পৌঁছাতে পারি, তা ভাবছি।’
তিনি জানান, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটি স্প্রেডশিটে ব্যাখ্যা প্রদান করা হবে। বলেন, ‘কিছু স্থানে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হবে। তখন আমরা কমিশনের অবস্থান পরিষ্কার করতে পারব এবং আপনাদের (রাজনৈতিক দলগুলোর) অবস্থান বোঝার চেষ্টা করব। সেই প্রক্রিয়াতেই আমরা সামনে এগোব।’
আলী রিয়াজ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব একটি জাতীয় সনদে পৌঁছানো। যেহেতু এই কমিশনের মেয়াদ জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত, আমরা আশা করছি মে মাসের মাঝামাঝি প্রাথমিক আলোচনাগুলো শেষ করতে পারব। এরপর আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব।’
তিনি বলেন, ‘আমরা সবাই একই পক্ষ। আমরা রাষ্ট্র সংস্কারের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এক। পথের দিক থেকে কিছুটা পার্থক্য আছে। তা দূর করে আমরা ঐক্যের জায়গায় পৌঁছাতে পারি, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনকে সরানো হয়েছিল। এখনও ঐক্য আছে, আবার মতপার্থক্যও আছে। সেই ঐক্যকে আরও দৃঢ় করে সংস্কারের কাজ এগিয়ে নেয়া দরকার।’
সংলাপে আরও অংশ নেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন। পুরো আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলের আট সদস্য সংলাপে অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে