কাউকে ভয় পেতে আসিনি, নিজেদের সামর্থ্যে বিশ্বাসী হামজা
প্রথমবারের মতো আয়োজিত ফিফা এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর যোগদানে দলের আবহে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য ও আত্মবিশ্বাস।
বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদমাধ্যমে হামজা চৌধুরীর একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে টুর্নামেন্ট নিয়ে নিজের রোমাঞ্চ, স্বাগতিক ইন্দোনেশিয়া এবং তাদের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক ব্রিটিশ-ইন্দোনেশিয়ান এলকান ব্যাগটকে নিয়ে কথা বলেছেন তিনি।
বাংলাদেশের হয়ে মাঠে নামার আগে হামজা বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ। কারণ, আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়া।’
টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে চায় জানিয়ে হামজা বলেন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে ইনশা আল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া। এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আশা করি, আমরা আমাদের দেশকে গর্বিত করতে পারব।’
টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। ডিভিশন–২-এর উদ্বোধনী দিনে লাওসের মুখোমুখি হবে ব্রুনাই, আর মিয়ানমারের প্রতিপক্ষ তিমুর–লেস্তে। ডিভিশন–১-এ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। মাঠে নামার অপেক্ষায় থাকা হামজা বলেছেন, ‘দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয়।’
প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়াকে নিয়ে হামজা বলেন, ‘তারা স্পষ্টতই র্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এবং একজন খুব ভালো হেড কোচ রয়েছেন। বিশেষ করে, আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি একদম প্রথম সারিতে থাকে, তবে আমি অবাক হব না।’
ইন্দোনেশিয়ার তরুণ ডিফেন্ডার এলকান ব্যাগট ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে খেলেন। বিমানের ফ্লাইটে তাঁকে দেখেছেন জানিয়ে হামজা বলেন, ‘আমার মনে হয়, তিনি স্পষ্টতই একজন খুব ভালো খেলোয়াড়, এখনো বেশ তরুণ। মিলওয়াল একটি চমৎকার দল। তাই এই টুর্নামেন্টে এবং অবশ্যই লিগেও তাঁর বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
টুর্নামেন্টের মূল ভেন্যু জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম এখনো দেখা হয়নি বাংলাদেশ দলের। স্টেডিয়ামটি দেখার অপেক্ষায় থাকা হামজা বলেন, ‘স্টেডিয়ামটি আমাদের এখনো দেখা হয়নি। ইনশা আল্লাহ আগামীকাল আমরা স্টেডিয়ামটি দেখব। তবে হ্যাঁ, সবকিছুই খুব ভালো। আমাদের অভিযোগ করার মতো কিছুই নেই। হোটেল অসাধারণ, সবাই ভীষণ বন্ধুত্বপূর্ণ। আমরা বেশ উপভোগ করছি।’
২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। ফলে হামজা ও ব্যাগটের ইংলিশ চ্যাম্পিয়নশিপের দ্বৈরথ এবার দেখা যাবে জাকার্তায়।
মতামত দিন