তারেক রহমানের নেতৃত্বে পদ্মা ব্যারেজ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী
আগামী বছরের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের পুরো কাজ দেশীয় অর্থায়নে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার মানুষ এর সুফল পাবেন। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পেয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও সরকার বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
এর আগে গত ১৩ মে একনেক সভায় পদ্মা ব্যারেজের প্রথম পর্যায় নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।
প্রকল্প এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
মতামত দিন