চার দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট চার দিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব গণমাধ্যমকে জানান, এই সফরে জোহানেস জাট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এক বিবৃতিতে জোহানেস জাট বলেন, “বাংলাদেশের জনগণ এবং এই দেশের সঙ্গে আমার স্মৃতিগুলো খুবই প্রিয়। এখানকার মানুষের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং সন্তানদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার যে দৃঢ় সংকল্প, তা আমাকে সবসময় মুগ্ধ করে।"
তিনি আরও বলেন, “কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর গত এক দশকে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে, তা প্রত্যক্ষ করার জন্য আমি উদগ্রীব। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করা ২০ লাখ তরুণের জন্য উন্নত কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে।”
গত ১ জুলাই থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন জোহানেস জাট। নতুন দায়িত্বে এটি তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক দেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। এখন পর্যন্ত সংস্থাটি বাংলাদেশে ৪ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অনুদান ও ঋণ দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে