Views Bangladesh Logo

কুশিয়ারার পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও উন্নতির পূর্বাভাস

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এখনো সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলী পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

এছাড়া আগামী তিন দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সেলোনিয়া নদীর পানি কিছুটা বেড়েছে। তবে মুহুরী, গোমতী, হালদা, সাংগু, মাতামুহুরী ও ফেনী নদীর পানি কমেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন এসব নদীর পানির স্তর মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ