পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আংশিক খোলা হবে
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে। এতে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।
মাহমুদ হাসান বলেন, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন হতে পারে। প্রয়োজনে পানির প্রবাহ বাড়লে ধাপে ধাপে আরও বেশি গেট খুলে পানি নিষ্কাশনের পরিমাণও বৃদ্ধি করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
এদিকে স্পিলওয়ের জলকপাট খোলার সম্ভাব্য সিদ্ধান্তের পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিউবো)।
মতামত দিন